ছাত্র হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র সুবীর চন্দ্র হত্যা মামলায় দুজনের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন এক আসামি।
আজ সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন ফরহাদ হোসেন ও মোহাম্মদ হাসান। তাঁরা দুজনই পলাতক রয়েছেন। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন শফিক আহমেদ ও কামরুল আহসান। তাঁরা কারাগারে আছেন। তবে এ মামলায় খালাস পেয়েছেন লুৎফা আক্তার নামের এক নারী।
আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, প্রেমঘটিত কারণে ২০১৩ সালে সুবীর চন্দ্রকে হত্যা করা হয়। তিনি আহসান উল্লাহ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ জানুয়ারি এই হত্যার পরিকল্পনা হয়। তাঁকে হত্যা করা হয় ২১ জানুয়ারি। পরে সাভার থানার ভাকুর্তা ইউনিয়নের কোটালিয়া পাড়ায় একটি ইটভাটার পাশ থেকে সুবীর চন্দ্রের লাশ উদ্ধার করা হয়। তখন নিহত ছাত্রের বাবা গৌরাঙ্গ দাস বাদী হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা করেন।
এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ অক্টোবর ৫ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত বছরের ১১ এপ্রিল আদালতে এ মামলার বিচার শুরু হয়।