বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রতিষ্ঠাকালীন একটি ছাত্র হলকে ছাত্রী হলে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ওই হলের ক্ষুব্ধ ছাত্ররা গতকাল বুধবার সন্ধ্যায় দফায় দফায় বিক্ষোভ-সমাবেশ করেন। এই প্রতিবেদন লেখার সময়ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত ছিল।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঐতিহ্যবাহী ‘ঈশা খাঁ’ ছাত্র হলকে ছাত্রী হলে রূপান্তরের বিষয়টি বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। উপাচার্য অধ্যাপক রফিকুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গতকাল প্রচার করে এ ব্যাপারে সবার সহায়তা চাওয়া হয়। এতে ওই হলে অবস্থানরত শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ও আগুন জ্বেলে হলের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। জীবন দিয়ে ঈশা খাঁ হল রক্ষার ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রবিষয়ক উপদেষ্টাসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র হলকে ছাত্রী হলে রূপান্তরের নজির এই প্রথম। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন চলবে।বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান বলেন, ‘বিষয়টি অত্যন্ত জটিল। তাই আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে।’