একের পর এক কিল-ঘুষি আর লাথি। তারপর শিক্ষকদের কক্ষে নিয়ে মারা হলো বেত্রাঘাত। এতে জ্ঞান হারিয়ে ফেলে দশম শ্রেণীর ছাত্র শাহদাত হোসেন।নির্মম এই ঘটনা গত শনিবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদিন মডেল উচ্চবিদ্যালয়ের। আহত শাহদাত হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ওই দিনই অভিযুক্ত দুই শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিদ্যালয়ে দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা চলাকালে কৃষি শিক্ষার রচনামূলক অংশের পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার সময় হল পরিদর্শক হেলাল উদ্দিন তাঁকে প্রশ্ন করেন, কোন বিষয়ে পরীক্ষা দিয়েছে। শাহদাত শিক্ষকের প্রশ্ন শুনতে পায়নি বলে আবার জিজ্ঞেস করে। এতে শিক্ষক হেলাল উদ্দিন খেপে গিয়ে শাহদাত হোসেনের ওপর চড়াও হন এবং তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে শাহদাত হোসেনও শিক্ষকের হাত ধরে ফেলে। এ খবর পেয়ে পাশের কক্ষে পরীক্ষার দায়িত্ব পালনকারী শিক্ষক মো. ইউছুফ এসে একইভাবে শাহদাতকে মারধর করতে করতে গুরুতর আহতাবস্থায় সহকারী প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান। সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস শাহদাতকে তৃতীয় দফায় বেত্রাঘাত করেন। এ সময় শাহদাত ওই কক্ষেই জ্ঞান হারিয়ে ফেলে।প্রধান শিক্ষক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে অভিযুক্ত দুই শিক্ষককে শনিবারই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি জরুরি বৈঠকে বসে কারণ দর্শানোর নির্দেশ দেয়। গতকাল তাঁরা লিখিত জবাবে নিজেদের দোষও স্বীকার করেছেন।’