চট্টগ্রামে এক চিকিৎসকের বাসায় চুরির ঘটনায় জড়িত বিভিন্ন স্কুল-কলেজের ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়ে নগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া নগদ সোয়া পাঁচ লাখ টাকাসহ কয়েক লাখ টাকার চোরাই মাল উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলো চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল মুতী (১৬), শাহতাব এমদাদ চৌধুরী (১৭) ও আবরার হোসেন (১৫), রহমানিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মো. তানভীর হাসান (১৬), চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের দীপু বড়ুয়া (২০) ও চট্টগ্রাম ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আরাফাত বিন সরোয়ার (১৬)।গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে ১৩ ভরি ওজনের স্বর্ণালংকার, পাঁচ লাখ ২০ হাজার টাকা, পাঁচটি বিদেশি হাতঘড়ি, একটি ল্যাপটপ, একটি ভিসা কার্ড, চুরির টাকায় কেনা মুঠোফোন ও চুরির কাজে ব্যবহূত বড় আকৃতির মাস্টার চাবি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, এরা পেশাদার চোর চক্রের মতোই পরিকল্পনা করে বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে আসছিল।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ১৬ ফেব্রুয়ারি রাতে কলেজ রোডের দেব পাহাড়ের ‘বাবা ভিলা’র চতুর্থ তলায় ডা. এস এম শামসুল আলমের বাসায় চুরি হয়। এ ঘটনায় টাকা, স্বর্ণালংকার, হাতঘড়ি, ল্যাপটপসহ মোট ২৩ লাখ টাকার মালামাল চুরি হয়। চুরির টাকা ও মালামাল ওই শিক্ষার্থীরা ভাগ-বাঁটোয়ারা করে নিজ নিজ বাসায় নিয়ে যায়। এসি মাহমুদ জানান, চুরি করা ভিসা কার্ড ব্যবহার করে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা নগরের বিভিন্ন বিপণিবিতান ও দোকান থেকে পণ্য কেনে। ওই ভিসা কার্ডের সূত্র ধরে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গত রোববার রাত ১০টায় জিইসি মোড় থেকে আবদুল্লাহ আল মুতী তানিমকে গ্রেপ্তার করে পুলিশ। এসি আবদুল্লাহ আল মাহমুদ জানান, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা জানিয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা ওই বাড়িতে চুরি করে। এ ঘটনায় করা মামলার বাদী কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।