ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালকের অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক মোহাম্মদ ইউনুসকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত দাপ্তরিক আদেশে গতকাল বুধবার এ সিদ্ধান্ত জানানো হয়।রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে তাঁকে ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ পদে নতুন নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, গত রোববার বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষক-কর্মকর্তা উদ্বিগ্ন হয়ে পড়েন। ওই পরিস্থিতিতে ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ ইউনুস। বিষয়টি ব্যাপক সমালোচিত হলে মোহাম্মদ ইউনুস তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।