ছাত্রকল্যাণ পরিচালককে ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া নিয়ে বিক্ষুব্ধ কর্মচারীরা ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর ভাঙচুর করেছেন। এ সময় ছাত্রকল্যাণ পরিচালক কামরুজ্জামান রিপনকে ধাওয়া করলে তিনি প্রশাসন ভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান গ্রহণ করেন। ফলে নিজ দপ্তরে আসেননি উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী ও রেজিস্ট্রার আশরাফুল আলম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বিজ্ঞপ্তি দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের সাতটি পদের বিপরীতে ১৫ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয় ‘কর্মচারী সমিতি’ ও ‘মাস্টাররোল কর্মচারী সমিতি’ এই নিয়োগ বাতিল করে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মধ্য থেকে স্থায়ী নিয়োগ দেওয়ার দাবিতে গতকাল সকাল নয়টা থেকেই প্রশাসন ভবনের সামনে অবস্থান গ্রহণ করে। সাড়ে ১০টার দিকে কার্যালয়ে আসেন কামরুজ্জামান রিপন। এ সময় কর্মচারীরা তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি আধা ঘণ্টা পরে আলোচনায় বসার আহ্বান জানান।
একপর্যায়ে আলোচনা না করেই তিনি দপ্তর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন কর্মচারীরা তাঁকে ধাওয়া করেন। তিনি দৌড়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন। পরে কর্মচারীরা তাঁর কার্যালয়ের জানালার কাচ ও নেমপ্লেট ভাঙচুর করেন এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।