ছাত্রকে অপহরণ ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র মোহায়মেনুল ইসলামকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার কলেজে শীতকালীন ছুটি হওয়ার পর বাড়িতে ফেরার পথে সে অপহূত হয়। অপহরণকারীরা মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। মোহায়মেনুল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা ও জেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলামের একমাত্র ছেলে।পুলিশ ও পরিবারের লোকজন জানান, বৃস্পতিবার সন্ধ্যার দিকে কলেজ ছুটি শেষে বাড়ি ফেরার পথে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকার একটি দোকানের সামনে থেকে মোহায়মেনুলকে অপহরণ করা হয়। রাত সাড়ে আটটার দিকে মনোয়ারুল ইসলামের মুঠোফোনে ছেলেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। টাকা দিতে রাজি হলেই লেনদেনের জায়গা নির্ধারিত হবে বলেও অপহরণকারীরা জানায়।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহূত মোহায়মেনুল উল্লাপাড়া বিজ্ঞান কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে উপজেলা সদরে বোনের বাড়িতে থেকে লেখাপড়া করত। এ ব্যাপারে অপহূত ছাত্রের দুলাভাই রায়হান আলী বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি অপহরণ মামলা করেছেন। উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।এ ছাড়া গত রোববার সন্ধ্যায় একই উপজেলার বংকিরোট গ্রামের ভুসিমাল ব্যবসায়ী মো. হাবিল মিয়া লাহিড়ী মোহনপুর বাজারের তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহূত হন।