ছাত্রকে অপহরণের প্রতিবাদে ভাঙচুর, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাস থেকে গতকাল রোববার দুপুরে রাতুল ইসলাম নামের এক ছাত্রকে বহিরাগত সন্ত্রাসীরা অপহরণ করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর ও পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
কলেজের অধ্যক্ষ শিব শঙ্কর চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় আমরাও আতঙ্কিত। প্রায় এক ঘণ্টা পর অপহৃত শিক্ষার্থীকে ফেরত দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। আশা করছি, ক্যাম্পাসে আর এ অবস্থা থাকবে না।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। একপর্যায়ে ওই ছাত্র ফিরে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা ছেলেটির সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যিই কেউ অপহরণের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাঝেমধ্যেই বহিরাগত কিছু সন্ত্রাসী কলেজ ক্যাম্পাসে এসে চুরি ও ছিনতাই করে। গতকাল বেলা দেড়টার দিকে তাদেরই একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে। তারা চতুর্থ বর্ষের রাতুল ইসলামের কাছে কিছু টাকা দাবি করে। টাকা না দেওয়ায় একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। কিন্তু অপহৃত শিক্ষার্থীকে মুক্ত করতে শিক্ষকেরা কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী তিন-চারজন শিক্ষার্থী বলেন, বেলা দুইটার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে মহাসড়ক আটকে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পাবনা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে অনুরোধ জানায়। কিন্তু তাঁরা অবরোধ অব্যাহত রাখেন। প্রায় এক ঘণ্টা অবরোধ চলাকালে পুলিশ মৃদু লাঠিপেটা করলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে ইটপাটকেল ছুড়ে দরজা-জানালা ভাঙচুর করেন। এর মধ্যে অপহৃত ওই ছাত্র ফিরে এলে শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, তাঁদের ক্যাম্পাসে মাঝেমধ্যেই বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন অপকর্ম করছে। বিষয়টি তাঁরা বহুবার কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। ফলে তাঁরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত বন্ধে কলেজ কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে তাঁরা আবার আন্দোলনে নামবেন বলে সতর্ক করে দেন।
অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হওয়ার পর রাতুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসীরা আমাকে ক্যাম্পাস থেকে হাসপাতাল সড়কে বক্ষব্যাধি হাসপাতালের পেছনে নির্জন জায়গায় নিয়ে বেদম মারধর করে। একপর্যায়ে তারা আমার মুঠোফোন থেকে বাড়িতে ফোন দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ক্যাম্পাসের বিশৃঙ্খলা সৃষ্টির খবর জানতে পেরে সন্ত্রাসীরা আমাকে ছেড়ে দেয়। তবে আমি কাউকে চিনতে পারিনি।’