ছাত্রকে কুপিয়ে হত্যা
বগুড়া শহরে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শহরের গোহাইল সড়কে খান্দার এলাকায় গত মঙ্গলবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্র দীপংকর চক্রবর্তী ওরফে দিপু (১৮) শহরের কৈপাড়া এলাকার খোকন চক্রবর্তীর ছেলে। এ হত্যার সঙ্গে জড়িত অভিযোগে রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোহাইল সড়কের খান্দার এলাকায় আবহাওয়া অফিসের সামনে রাত আনুমানিক ১১টায় একদল যুবক সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী দীপংকর চক্রবর্তী ওরফে দিপুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়। দীপংকরের বাবা খোকন চক্রবর্তী জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি জানান, পরীক্ষার আগে কোচিং করার সময় একটি মারামারির ঘটনার সময় সে বাধা দিতে গিয়েছিল। সে ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, রাতেই হত্যার সঙ্গে জড়িত অভিযোগে শামিম শাকিল (২২) ও পান্না রহমান (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি যথাক্রমে শহরের চকফরিদ ও মালগ্রাম এলাকায়। এ ব্যাপারে দীপংকরের বাবা খোকন চক্রবর্তী মামলা করেছেন।