ছাত্রকে খুন করে লাশ গুমের চেষ্টা, গৃহশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজল চন্দ্র মজুমদার
সজল চন্দ্র মজুমদার

মুক্তিপণ না দেওয়ায় রাজধানীর ইব্রাহিমপুরে ফলের রসের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে বালিশচাপা দিয়ে হত্যা করা হয় স্কুলছাত্র সজল চন্দ্র মজুমদারকে (১৪)। এরপর চটের বস্তায় মৃতদেহ ভরে তা গুমের জন্য গত ২৯ আগস্ট রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকায় ফেলে দেওয়া হয়।হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সজলের শিক্ষক সবুজ সূত্রধরকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।গত বুধবার কাফরুল এলাকা থেকে পুলিশ সবুজকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা সজলের মৃতদেহ শনাক্ত করেন। সাত দিন ধরে মৃতদেহ বেওয়ারিশ হিসেবে মর্গে পড়ে ছিল। সজল উত্তর কাফরুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত।কাফরুল থানার পুলিশ জানায়, নিখোঁজ সজলের সন্ধানে গত ২৮ আগস্ট রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা নরসুন্দর দোকানি শ্যামল চন্দ্র মজুমদার। সেদিন রাতে মুঠোফোনে এক ব্যক্তি ছেলের মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা দাবি করলে শ্যামল পরদিন ২৯ আগস্ট থানায় একটি অপহরণের মামলা করেন। গতকাল দুপুরে ১১৬৮ উত্তর ইব্রাহিমপুরের সজলদের বাসায় গিয়ে দেখা যায়, সজলের মা শিশুবালা টিনশেড বাসায় বিলাপ করছেন। বাসাটি দুই কক্ষের। পাশে সজলের ছোট বোন সিমলা। শিশুবালা প্রথম আলোকে বলেন, গত ২৮ আগস্ট বিকেলে স্থানীয় বাসিন্দা শাহিনুরের ছেলে এসে বলে, সজলকে ‘সবুজ স্যার’ ডেকেছেন। এ সময় তাঁর ছেলে সজলের সঙ্গে সবুজের বাসার দিকে যায়। শিশুবালা জানান, বাসার কাছেই সবুজের বাসা। দীর্ঘ সময় পরও বাসায় ফিরে না আসায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁরা সজলের সন্ধান পাননি। এরপর কাফরুল থানায় একটি জিডি করা হয়। ওই দিন রাত নয়টার দিকে এক ব্যক্তি মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি ছেলেকে ফিরে পেতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টাকাও তুলেছিলেন। এরপর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে তাঁর স্বামী শ্যামল চন্দ্র কাফরুল থানায় মামলা করতে যান। সে সময় আবার ফোনে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তা একটি কুরিয়ার সার্ভিসের নামে পাঠিয়ে দিতে বলে। তখনো তাঁরা বুঝতে পারেননি সজলকে খুন করা হয়েছে।

শিশুবালা অভিযোগ করেন, উত্তর কাফরুল বউবাজার এলাকার বাসিন্দা শাহিনুর বেগম সজলকে পড়ানোর জন্য সবুজকে শিক্ষক হিসেবে ঠিক করে দেন। তাঁর অভিযোগ, সবুজের সঙ্গে প্রতিবেশী গৃহবধূর সম্পর্ক ছিল। সেটা দেখে ফেলায় সজলকে খুন করা হয়েছে। এ খুনের সঙ্গে শিক্ষক সবুজ, তাঁর বান্ধবীর স্বামী জামালউদ্দিন, জামালের চাচি শাহিনুর ও শাহিনুরের ছেলে জড়িত। ঘটনার পর থেকে তাঁরা পলাতক।

কাফরুল থানার ওসি ওয়াজেদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সবুজ স্বীকার করে জানান, ২৮ আগস্ট রাতেই সজলকে তাঁর ১০২২, উত্তর ইব্রাহিমপুরের বাসায় হত্যা করেন। বাবা ও অসুস্থ মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে এ ঘটনা ঘটিয়েছেন বলে তাঁর দাবি। সবুজ তাঁর নাম গোপন করে আপন চৌধুরী বলে সবার কাছে পরিচয় দিতেন।

সবুজ পুলিশকে আরও জানান, ২৮ আগস্ট রাত নয়টায় মুক্তিপণের টাকা চেয়ে সজলের বাবাকে ফোন করেন সবুজ। মুক্তিপণের টাকা না দেওয়ায় সজলকে হত্যার সিদ্ধান্ত নেন। রাতে বাইরে থেকে ফলের রস কিনে পাঁচটি ঘুমের ওষুধ মিশিয়ে তা খেতে দেন সজলকে। রাতে সজলকে বালিশচাপা দিয়ে হত্যা করেন তিনি। পরদিন ভোরে সজলের লাশ বস্তায় ভরে রিকশায় করে মাটিকাটা বাজারের কাছে একটি গলিতে রেখে আসেন শিক্ষক সবুজ।

হত্যার পরও পরিচয় গোপন করে সজলের বাবার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন সবুজ। কাফরুল থানায় বসে সজলের বাবা শ্যামল মুঠোফোনে ছেলের সঙ্গে কথা বলতে চাইলে আরেকজনকে দিয়ে কথা বলানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ নিশ্চিত হয়, সজলকে অপহরণ করেছে তার শিক্ষক সবুজ। ফেনীতে তাঁর অবস্থান নিশ্চিত হলেও তাঁর বান্ধবীকে দিয়ে কৌশলে ঢাকায় এনে সবুজকে গ্রেপ্তার করা হয়। তাঁর ধারণা, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি জানান, আটক সবুজের বান্ধবী হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেন।