ছাত্রকে গরম রড দিয়ে ছ্যাঁকা দিলেন মাদ্রাসাশিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন মাদ্রাসায় অনুপস্থিত থাকার জন্য মিজানুর রহমান নামের ছয় বছরের এক ছাত্রের চোখ বেঁধে গরম রড দিয়ে ছ্যাঁকা দিয়েছেন এক মাদ্রাসাশিক্ষক। গত রোববার বিকেলে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা শামছুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, বাহেলা গ্রামের ফটিক মিয়ার ছেলে মিজানুর রহমান ওই দিন দুপুরে পড়তে মাদ্রাসায় আসে। এ সময় শিক্ষক মোখলেছুর রহমান তাকে দেখে বলেন, ‘এই তুই কোথায় থাকস, মাদ্রাসায় আইছ না ক্যন। তোকে গরম শিক দিয়ে দাগ দিব।’ এ কথা শুনে ভয়ে মিজান পালাতে চাইলে ওই শিক্ষক তাকে ধরে ফেলেন। এরপর গামছা দিয়ে তিনি মিজানুরের চোখ বেঁধে ফেলেন এবং মাদ্রাসার অপর ছাত্র হাসানকে দিয়ে মাদ্রাসার রান্নাঘরের চুলা থেকে লোহার রড গরম করে আনেন। এরপর তিনি মিজানের ডান হাতের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিতে থাকেন। এ সময় মিজানের চিৎকার শুনে অন্য ছাত্ররা আতঙ্কে তাদের নিজ নিজ কক্ষে ঢুকে পড়ে। পরে আহত মিজানকে ছেড়ে দিলে সে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে ঘটনাটি তার মাকে জানায়।আহত ছাত্র মিজান জানায়, গত কয়েক দিন সে মাদ্রাসায় যায়নি বলে হুজুর গামছা দিয়ে তার চোখ বেঁধে ফেলে ডান হাতের ওপর লোহার রড দিয়ে ছ্যাঁকা দেন।মিজানের মা হাজেরা খাতুন বলেন, ‘আমার ছেলেকে এভাবে শাস্তি দিবে, তা কল্পনাও করতে পারি না। আমি এর বিচার চাই।’ এ ব্যাপারে শিক্ষক মোখলেছুর রহমান বলেন, ‘এতটা পুড়ে যাবে আমি ভাবিনি। মাদ্রাসায় না আসার জন্য তাকে এ শাস্তি দিয়েছিলাম। এটা ভুল হয়েছে।’ ওই মাদ্রাসার পরিচালক শামছুল আলম জানান, শিক্ষক কাজটি ভুল করেছেন। এ জন্য তাঁকে শাস্তি দেওয়া হবে।