ছাত্রকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লি কলেজে এক ছাত্রকে ভবনের ছাদ থেকে ফেলে হত্যা-চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও কক্ষ ভাঙচুর করে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে কলেজের একাদশ শ্রেণির ছাত্র সোহাগ মোল্লা তাঁর এক সহপাঠী ছাত্রীর সঙ্গে দোতলার ছাদে বসে গল্প করছিলেন। সে সময় ওই ছাত্রীর বাবা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ফিরোজ আহম্মেদ সেখানে গিয়ে সোহাগকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেন। এতে সোহাগের বাঁ হাত ভেঙে যায়। কোমরে গুরুতর আঘাত লাগে। সোহাগকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোহাগ সালথা উপজেলার গুপিনাথপুর গ্রামের রুস্তম মোল্লার ছেলে।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার যুদনন্দী বাজার এলাকায় অবস্থিত ওই কলেজ ক্যাম্পাসে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কলেজের একটি কক্ষের জানালা ও দরজা ভাঙচুর করেন। পরে ক্যাম্পাসে কলেজের ছাত্র মাহফুজ, আনিচ, পলিন ও বাদলের নেতৃত্বে একটি প্রতিবাদ সভা হয়। এ সময় কাজী ফিরোজ আহম্মেদকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে কাজী ফিরোজ আহমেদ বলেন, ‘আমি ওই ছাত্রকে ধাক্কা দিইনি। আমি ছাদে গেলে ছাত্রটি ভয়ে ছাদের কার্নিশে দাঁড়াতে গিয়ে নিচে পড়ে আহত হয়।’
কলেজের উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় যুদনন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রব মোল্লাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৭ মার্চের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।