ছাত্রকে না চেনা শিক্ষকের অযোগ্যতা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘ছাত্রকে যিনি চিনবেন না, তাঁর শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা থাকে না। আমরা এখন সেই তথ্য নিচ্ছি, কে তাঁর সব ছাত্রকে নামে চেনেন না, চেহারায় চেনেন না। তাঁর (শিক্ষকের) এমপিও হলে কেটে দেব, সরকারি চাকরি হলে বাতিল করে দেব।’
আজ মঙ্গলবার রাজশাহীতে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘কোনো উপায় নেই। কারণ, আমার শিক্ষক যদি তাঁর ছাত্রকে না চিনলেন, কেন জনগণের টাকা আমি তাঁদের দেব?’
রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাকে কোনো কোনো শিক্ষক বলেন, এত ছাত্র আমরা কী করে প্রত্যেককে চিনব? আপনি আমার ছাত্রকে চিনবেন না, আর আপনি লেখাপড়া শেখাবেন, এটা কোনো দিন সম্ভব নয়। চিনতেই হবে।’
‘এত ছাত্র ভর্তি করছেন কেন’—শিক্ষকদের প্রতি এমন প্রশ্ন রেখে শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি বেশি হয়ে যায়, মাপমতো ভর্তি করেন, কম ভর্তি করেন। যা চিনবেন, সেই পরিমাণ ভর্তি করেন এবং নিয়ম তাই। জোর করে আমাদের কাছ থেকে অনুমোদন নিয়ে যান এবং নিয়ে গিয়ে এ অবস্থা করেন। তাই শিক্ষকের দায়িত্ব আপনার সন্তানকে আপনি দেখে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন, তার গার্জিয়ানের সঙ্গে যোগাযোগ রাখবেন।’
শান্তির ধর্ম ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কোনো সন্তানকে তার মা-বাবার চেয়ে আর কে বেশি ভালোবাসতে পারে? সেই মা-বাবা তাঁর সন্তানের লাশটা পর্যন্ত নিচ্ছেন না। বিপথগামী এসব জঙ্গির উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘তুমি এতই গুনার কাজ করেছ, এতই লজ্জার কাজ করেছ যে মা-বাবা পর্যন্ত স্বীকার করছেন না। আর আল্লাহর তৈরি মানুষকে তুমি হত্যা করবা আর আল্লাহ তোমাকে নিয়ে হুরপরির কোলে বসাইয়া বেহেশত দিয়ে দেবে? এত সহজ নয়।’
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মুনীর হোসেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।