ছাত্রকে পিটিয়ে অজ্ঞান করেছেন প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে ক্রিকেট ব্যাট-বল আনার অভিযোগে মো. শফিকুল ইসলাম নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। একপর্যায়ে ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে।পরে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ওই শিক্ষক এর কিছুক্ষণ আগে প্রকৃতির ডাকে শ্রেণীকক্ষের বাইরে যাওয়ার অভিযোগে মো. সিয়াম নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে আহত করে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ১১১ নম্বর বটকাজল বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই প্রধান শিক্ষকের নাম মো. মনজুরুল আলম সিদ্দিকী। নওমালা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মো. সিরাজুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর শরীরে আঘাতের দাগ রয়েছে। তবে ভয়ে অজ্ঞান হয়ে পড়তে পারে বলে তিনি জানান। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. মনজুরুল আলম সিদ্দিকী জানান, বেধড়ক নয়, অল্প পিটুনি দেওয়া হয়েছে। একটি মহল তাঁকে ফাঁসিয়ে দেওয়ার জন্য বাড়িয়ে বলছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান জানান, অফিসের কাজে তিনি পটুয়াখালীতে আছেন। তাই এ ঘটনাটি তাঁর জানা নেই। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।