ছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষকের বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনটে টুপি না পরায় মাদ্রাসার এক ছাত্রকে পিটিয়ে জখম করেছেন এক শিক্ষক। গত ২১ সেপ্টেম্বর উপজেলার খাদুলী মুলতানী পারভীন শাহজাহান আলী দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষককে মাদ্রাসা কর্তৃপক্ষ পরদিন সাময়িক বরখাস্ত করেছে।আহত ছাত্রের নাম আলী আকবর (১৪)। সে ওই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় তার মা চায়না বেগম ওই মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার ১৯৭৪ সালের শিশু আইনের ৩৪ ধারায় ধুনট থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদ্রাসা চলাকালীন শিক্ষক জাহাঙ্গীর আলম ক্লাসে গিয়ে আলী আকবরসহ কয়েকজন ছাত্রের মাথায় টুপি দেখতে না পেয়ে ক্ষুব্ধ হন। এ সময় তিনি লাঠি দিয়ে আলী আকবরের মাথায় আঘাত করতে থাকেন। একপর্যায়ে তার মাথা ফেটে যায়। ওই দিনই আলী আকবরকে চিকিৎসার জন্য শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি মাদ্রাসার সুপার ইমদাদুল হকের নির্দেশেই টুপি না পরার অপরাধে আলী আকবরকে মারধর করেছি। অন্য ছাত্রকে মারধর করতে গিয়ে হঠাৎ লাঠির আঘাত লেগে আলী আকবরের মাথা ফেটে গেছে। মাদ্রাসার সুপার ইমদাদুল হক শিক্ষক জাহাঙ্গীর আলমকে ছাত্রদের মারধর করার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।