ছাত্রকে পিটিয়ে জখম করলেন শিক্ষক
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গত সোমবার সকালে এক শিক্ষক পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, সোমবার সকালে বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা দিচ্ছিল অষ্টম শ্রেণীর ছাত্র তরিকুল ইসলাম। এ সময় কিছু শিক্ষার্থী কথা বলাবলি করলে কক্ষ পরিদর্শক ও সহকারী প্রধান শিক্ষক কাওছার হোসেন তরিকুলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি তরিকুলকে এলোপাতাড়ি চড়-থাপড় দিতে থাকেন। এতে তরিকুলের চশমা ভেঙে চোখের নিচে কেটে রক্ত বের হতে থাকে। পরে অন্য শিক্ষকেরা এসে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে অভিযুক্ত শিক্ষককে আমরা মৌখিকভাবে শাসিয়েছি। কাওছার হোসেন বলেন, ‘ব্যবহারিক পরীক্ষা চলাকালীন তরিকুল মেয়েদের বিরক্ত করছিল। বিষয়টি আমার নজরে এলে আমি শাসন করি। এ সময় তরিকুলের চশমাটি ভেঙে যায়, এর বেশি কিছু নয়।’ অবশ্য তরিকুল শিক্ষকের এ বক্তব্য নাকচ করেছে।