ছাত্রকে পিটিয়ে জখম তদন্ত কমিটি গঠন
বরগুনার পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাতের তালুর উপরিভাগ মারাত্মক জখমের কারণে ওই ছাত্র বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার মডেল টেস্টে অংশ নিতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে পাঠ আদায়ের সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হালিম স্টিলের স্কেল দিয়ে শিবলী নোমানের হাতের তালুতে আঘাত করেন। এতে ওই শিক্ষার্থীর ডান হাতের তালু কেটে রক্ত ঝরতে থাকে। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।শিক্ষক আবদুল হালিম বলেন, ‘এভাবে ঘটনাটি ঘটবে তা আমি ভাবতেও পারিনি। তবে আমার ভুল হয়েছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘হালিম মাস্টার ক্লাসে খুব ভালো পড়ান। কিন্তু ছাত্রকে পিটিয়ে এভাবে জখম করবেন তা আমাদের ধারণায়ও ছিল না।’পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহামঞ্চদ জাহিদ উদ্দিন বলেন, ঘটনাটি অবশ্যই উদ্বেগজনক। এ ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।