ছাত্রকে পুলিশের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল শনিবার দুপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক ছাত্রকে সাদাপোশাকধারী এক পুলিশ সদস্য মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা প্রায় এক ঘণ্টা ঢাকা-শিমুলতলী সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের বরাত দিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন বলেন, গতকাল সকালে গাজীপুর জেলা শহরের থানা রোডের পাশে মুক্তমঞ্চের কাছে মোটরসাইকেল পার্কিং করেন ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কোরবান আলী। এ নিয়ে সাদাপোশাকধারী এক পুলিশের সঙ্গে কোরবান আলীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্য কোরবান আলীকে মারধর করেন। পরে কোরবান আলী ক্যাম্পাসে গিয়ে বিষয়টি সহপাঠীদের জানান। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ওই পুলিশ সদস্যের বিচারের দাবিতে বেলা দেড়টার দিকে বিক্ষোভ সহকারে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আড়াইটায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের নাম ওই শিক্ষার্থী জানাতে পারেননি। তবে বিষয়টি তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।