ছাত্রকে প্রকাশ্যে পেটালেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে অনুপস্থিতির জরিমানার টাকা কম দেওয়ার কথা বলায় সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার সরকারি দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার এক ছাত্রকে মাটিতে ফেলে পিটিয়ে আহত করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক হলেন, ওই মাদ্রাসার সমাজবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক ও জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ।
মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র হাফেজ আরিফুল ইসলাম জানায়, তার বাড়ি সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে। বাবা নেই। গত পাঁচ মাসে সে ক্লাসে ১৯ দিন অনুপস্থিত ছিল। মাদ্রাসায় এক দিন অনুপস্থিত থাকলে ১০ টাকা করে জরিমানা দিতে হয়। গতকাল মাদ্রাসায় বেতন দিতে গেলে শিক্ষক মোমতাজুল হাসান আবেদ জরিমানার ১৯০ টাকা দেওয়ার কথা বলেন। কিন্তু আরিফুল ইসলাম পরিবারের দারিদ্র্যের কথা জানিয়ে কিছু টাকা কম নেওয়ার জন্য অনুরোধ করে। কয়েকবার অনুরোধ করায় আবেদ ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে কিল-ঘুষি মারেন। পরে সব ছাত্রছাত্রীর সামনে মাটিতে ফেলে লাথি মারেন।
শিক্ষক মোমতাজুল হাসান আবেদ বলেছেন,‘আরিফ বেশি বেয়াদবি করায় আমার রাগ ওঠে যায়। এরপর তাকে সামান্য মারধর করেছি। তবে তাকে মাটিতে ফেলে মারিনি।’ তিনি বলেন, ‘এটা তার ভালোর জন্য করেছি। পরে ক্লাসেই বিষয়টি শেষ হয়ে গেছে।’