ছাত্রকে বাস থেকে ফেলে দেওয়ায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস থেকে এক ছাত্রকে ফেলে দেওয়ার জের ধরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা গাজীপুর পরিবহনের দুটি গাড়ি ভাঙচুর ও পরিবহন কাউন্টার জ্বালিয়ে দিয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র গাজীপুর পরিবহনে করে ক্যাম্পাসে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের স্টপেজে নামতে গেলে গাড়ি না থামিয়ে তাঁদের নামতে বলা হয়। একপর্যায়ে হেলপার এক ছাত্রকে ধাক্কা মেরে ফেলে দেন। অল্পের জন্য ওই ছাত্র রক্ষা পান। এ সময় চালক অন্য দুই ছাত্রকে না নামিয়ে গাড়িটি দ্রুত চালিয়ে যেতে থাকেন। ওই দুই ছাত্র চিৎকার শুরু করলে অন্য ছাত্ররা গাড়িটি আটক করেন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় এসে দুটি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনে পরিবহন কাউন্টারে আগুন ধরিয়ে দেন। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে পুলিশ ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপ-ছাত্রকল্যাণ পরিচালক ও তড়িৎ কৌশল বিভাগের প্রধান মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা ছাত্রদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। পরিস্থিতি যেন খারাপ না হয় সে জন্য পরিবহন কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে বসে সমঝোতার চেষ্টা করা হবে।’সপ্তাহখানেক আগেও গাজীপুর পরিবহনের চালকের এক সহকারী এক ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। এর জের ধরে শিক্ষার্থীরা চারটি গাড়ি আটক করেন। পরে পরিবহন কর্তৃপক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে এর সমাধান করেন।