ছাত্রকে মারধর, সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অটোরিকশাচালক মারধর করায় এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতকাল দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত তাঁরা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আমজাদ হোসেনকে ১৬ অক্টোবর রাতে স্থানীয় অটোরিকশাচালক কটু ও তার ভাই সাজু নগরের হাদির মোড় এলাকায় মারধর করেন। আমজাদ হোসেনের সঙ্গে অটোরিকশাচালক কটুর অশোভন আচরণ এবং এর প্রতিবাদের জের ধরে ওই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। অপরদিকে কিছু অটোরিকশাচালক নগরের তালাইমারী এলাকায় একত্রিত হয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি শান্ত করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারধরের সঙ্গে জড়িত অটোরিকশাচালক কটুকে অন্য একটি মামলায় ১৬ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে।