ছাত্রকে মারধর করায় প্রধান শিক্ষক কারাগারে
দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করে আহত করার অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর বাজারের তিন রাস্তা মোড় থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই শিক্ষকের নাম আনছার আলী। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।
চন্দনপুর গ্রামের সাজেদা খাতুন জানান, জন্মের পর থেকে তাঁর বোনের ছেলে আশিকুজ্জামানকে তিনি লালন-পালন করে আসছেন। আশিকের মা ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। আশিকও অসুস্থ। সে চন্দনপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আশিক ১৫ এপ্রিল স্কুলে দেরিতে যাওয়ায় ওই স্কুলের পিয়ন বজলুর রহমান তাকে শ্রেণিকক্ষে যেতে বাধা দেন। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটির একপর্যায়ে পিয়ন বজলুর রহমান আশিককে ধরে প্রধান শিক্ষক আনছার আলীর কাছে নিয়ে যান। পিয়নের সঙ্গে তর্ক-বিতর্ক করায় প্রধান শিক্ষক আশিককে বেতের লাঠি দিয়ে মারধর করে আহত করেন। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তিনি আশিককে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার দিনই তিনি (সাজেদা খাতুন) কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান।
ইউএনও উত্তম কুমার রায় বলেন, ছাত্রের খালা সাজেদা খাতুন প্রথমে মৌখিকভাবে বিষয়টি জানানোর পর তাঁকে লিখিতভাবে অভিযোগ করতে বলা হয়। ১৭ এপ্রিল তিনি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি জানার পরপরই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে এক দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে তিনি জানাবেন।
প্রধান শিক্ষক আনছার আলী বলেন, ‘আশিকুজ্জামান বিদ্যালয়ের শৃঙ্খলা মানে না। সিগারেট টানে। শিক্ষকদের কথা শোনে না। ১৫ এপ্রিল সে দেরি করে বিদ্যালয় আসে। বিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠ চতুর্থ শ্রেণির কর্মচারী বজলুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করায় তাকে লাঠি দিয়ে কয়েকটি পিটুনি দেওয়া হয়। তাতে সে আহত হয়নি। পরে ক্লাসেও যায়। একপর্যায়ে প্রতিপক্ষের প্রচারণায় তাকে বিদ্যালয় থেকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ বলেন, ইতিমধ্যে তিনি বিষয়টি তদন্ত করেছেন। তবে ব্যস্ততার কারণে প্রতিবেদন জমা দিতে পারেননি। আশা করছেন, রোববার জমা দেবেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, স্কুলছাত্রের খালা সাজেদা খাতুন গত সোমবার বাদী হয়ে থানায় মামলা করেন। গতকাল প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।