বরিশাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে মারধরের পর বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। গতকাল রোববার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।গতকালের সভায় ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকেরা। ঘটনায় জড়িত ছাত্রলীগ সমর্থিত ছাত্রকল্যাণ পরিষদের নেতাদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান তাঁরা। গত ২৫ জুন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রকল্যাণ পরিষদের সমাজকল্যাণ সম্পাদক খন্দকার আবদুল কাইয়ুম, সাহিত্য সম্পাদক জিয়াউল হক এবং আনোয়ার শাহাদত কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে জামিলুর রহমান ছাত্রাবাসের ১০৩ নম্বর কক্ষে ডেকে নেন। তাঁরা তিনজন ওই ছাত্রকে আটকে রেখে মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নের এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাঁরা ওই ছাত্রকে বিবস্ত্র করে তা মুঠোফোনে ধারণ করেন। ওই শিক্ষার্থী পরদিন তাঁদের হাতে সাড়ে ১০ হাজার টাকা তুলে দেন। এবার কাইয়ুম এক লাখ টাকা চাঁদা বা মাসে মাসে ১০ হাজার টাকা বা একটি কিডনি দিতে বলেন। নয়তো তাঁর বিবস্ত্র ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘মারধরের পর ছাত্রকে বিবস্ত্র, ভিডিও করলেন ছাত্রলীগ নেতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর গতকাল তদন্ত কমিটি গঠন করা হয়।বরিশাল মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, উপাধ্যক্ষ মো. মাকছুমুল হককে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে সাধারণ এক ছাত্রকে মারধর, বিবস্ত্র করে ভিডিও ধারণ, অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাস দখলদারিমুক্ত শিক্ষাঙ্গনের পরিবেশের দাবিতে আজ সোমবার দুপুর একটায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মেডিকেল কলেজ শাখা কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি আহ্বান করেছে।