ছাত্রকে মারধর শিক্ষকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা উপজেলার মিশন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. মহিউদ্দিন ওরফে ঊষানকে (৮) পিটিয়ে আহত করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের শিক্ষক আফসার উদ্দিনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই আদালত বসানো হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদ বলেন, উপজেলা সদরে অবস্থিত মিশন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মো. মহিউদ্দিন গতকাল সকালে শ্রেণিকক্ষে দুষ্টুমি করে। এ ঘটনায় শিক্ষক আফসার উদ্দিন তাকে বেধড়ক পিটুনি দেন। এতে শিশুটি আহত হয়। তাকে চান্দিনার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার বাড়ি চান্দিনা পৌরসভার হারং এলাকায়। এ ঘটনায় ওই ছাত্রের বাবা আলমগীর হোসেন তাঁর (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে চান্দিনার নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ ভ্রাম্যমাণ আদালত বসান।