ছাত্রকে মারধরের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রকে মারধর ও গালাগালের অভিযোগে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে৷ গতকাল মঙ্গলবার সকালে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (১)-এর আদালতে মামলাটি করেন ওই ছাত্রের মা স্কুলশিক্ষিকা কাজী লাবনী জামান৷
হাকিম ইমতিয়াজুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন৷
কাজী লাবনী জামানের আইনজীবী রাশেদ মাহমুদ জানান, মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শুভার্থী শামীমকে ৫ জুন বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক মো. মেহেদী হাসান তুচ্ছ অজুহাতে বেদম মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করেন৷ পরে অসুস্থ ওই ছাত্রকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ ওই ঘটনায় ওই ছাত্রের মা দণ্ডবিধির ৩২৩/৫০০/৫০৬ ধারায় ওই মামলাটি করেন৷
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় মেহেদী হাসান ওই মারধরের ঘটনা ঘটান৷ এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গত সোমবার মাগুরা শহরের মানববন্ধন ও মিছিল করে৷