ছাত্রকে লাঠিপেটা করে হাসপাতালে
একটি গ্লাস বদলের ঘটনাকে কেন্দ্র করে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের অধ্যক্ষ দ্বিতীয় বর্ষের ছাত্র সামসুজ্জোহাকে বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ছাত্র দুই দিন ধরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। কলেজের ছাত্ররা ওই ঘটনার প্রতিবাদে রোববার ছাত্রাবাসে তালা ঝুলিয়ে দিয়েছে।অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রদের বিরুদ্ধে ছাত্রাবাসে ধূমপান করা, তাস খেলা, অশ্লীল নাচ-গান শোনার অভিযোগ রয়েছে। তারা ছাত্রাবাসের পরিবেশ নষ্ট করেছে। তাই রাগের মাথায় সামান্য কিছু মারপিট করেছি। শাসন না করলে কলেজ চালানো সম্ভব নয়।’দমদমা স্কুল ও কলেজ ছাত্রাবাসের খাবার ব্যবস্থাপক রাকিব হোসেন জানান, শুক্রবার ছাত্রাবাসের দ্বিতীয় বর্ষের ছাত্র সামসুজ্জোহার সঙ্গে প্রথম বর্ষের ছাত্র সোবহানের একটি গ্লাস বদলের ঘটনা নিয়ে গোলমালের সূত্রপাত হয়। একপর্যায়ে সামসুজ্জোহা কিলঘুষি মারে সোবহানকে। সোবহান এ ব্যাপারে ছাত্রাবাসের আবাসিক শিক্ষকদের কাছে অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বেলা ১১টায় অধ্যক্ষ কয়েকজন শিক্ষককে নিয়ে ছাত্রাবাসে যান। এ সময় সামসুজ্জোহাকে ছাত্রাবাসে দেখামাত্র তিনি একটি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পেটাতে শুরু করেন। স্ট্যাম্পটি ভেঙে গেলে একটি জিআই পাইপ দিয়ে পেটান। পরে আহত অবস্থায় সামসুজ্জোহাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্ররা রোববার সকালে কয়েকজন ছাত্রকে ভেতরে রেখে ছাত্রাবাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে ছাত্রাবাসের অনেকেই ক্লাসে আসতে পারেনি। পরে অধ্যক্ষ সেখানে গিয়ে তালা খোলার ব্যবস্থা করেন।সরেজমিন গতকাল রোববার ঘটনাস্থলে গেলে আহত ছাত্র সামসুজ্জোহা বলে, ‘অধ্যক্ষ স্যার আমার কাছে কোনো কিছু না শুনেই অন্যায়ভাবে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ও পিটিয়ে জখম করেছেন।’