ছাত্রকে শাসন করায় অধ্যক্ষকে মারধর করলেন অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছাত্রকে শাসন করায় অধ্যক্ষকে মারধর করেছেন ওই ছাত্রের অভিভাবকেরা। উপজেলার তালোড়া শাহএয়তেবারিয়া কামিল মাদ্রাসায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় অধ্যক্ষ জি এম মোস্তাফিজুর রহমান থানায় অভিযোগ করেছেন। মাদ্রাসা সূত্র জানায়, ওই কামিল মাদ্রাসায় প্রতিদিনের মতো গতকালও ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনকালে দশম শ্রেণীর ছাত্র রাব্বি হাসান দুষ্টামি করতে থাকে। এ সময় অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ওই ছাত্রকে ডেকে সব শিক্ষার্থীর সামনে চড়থাপড় মারেন এবং কান ধরে ওঠবস করান। এরপর রাব্বি তার অভিভাবকদের মুঠোফোনে বিষয়টি জানায়। কিছুক্ষণ পর ছাত্রের বাবা ইদ্রিস আলী ও তাঁর ভগ্নিপতি আবদুল মান্নান মাদ্রাসায় এসে গাছের ডাল দিয়ে অধ্যক্ষকে মারধর করেন। উপস্থিত শিক্ষকেরা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে অধ্যক্ষ পরিচালনা পর্ষদের সভাপতির সঙ্গে কথা বলে থানায় অভিযোগ দেন। অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই ছাত্র জাতীয় সংগীত পরিবেশনের সময় দুষ্টামি করায় শাসন করেছি। পরে ছাত্রের অভিভাবকেরা এসে আমাকে লাঞ্ছিত করেছেন।’মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আমিরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, কোনো ছাত্র দুষ্টামি করলে অধ্যক্ষ তাকে শাসন করতেই পারেন। এ ঘটনায় অধ্যক্ষকে লাঞ্ছিত করা অভিভাবকদের ঠিক হয়নি। মাদ্রাসা পরিচালনা পর্ষদ বৈঠক করে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ব্যাপারে রাব্বির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।দুপচাঁচিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, অধ্যক্ষের মৌখিক অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য মাদ্রাসা এবং ওই ছাত্রের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।