ছাত্রকে হত্যা করে দুর্ঘটনা বলে চালানোর অভিযোগ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় কলেজছাত্রকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে।
ওই ছাত্রের নাম হেলাল উদ্দিন (১৯)। তিনি মুক্তাগাছা পৌরসভার নতুন বাজার এলাকার মৃত আবদুল বারেকের ছেলে। তিনি শহীদ স্মৃতি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গত বছরের ২৫ আগস্ট তাঁর মা হেলেনা বেগম আদালতে হত্যা মামলা করেন।
গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন হয়। ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন নামের একটি মানবাধিকার সংস্থা এর আয়োজন করে। এতে ছাত্রটির পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা হেলাল উদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, বাবা মারা যাওয়ার পর হেলাল উদ্দিন পৈতৃক সূত্রে মুক্তাগাছা পৌর শহরের নতুন বাজার এলাকায় জমি ও বিপণিবিতানের মালিক হন। এ নিয়ে স্বজনদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। গত ২৪ জুলাই ভালুকার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় হেলাল উদ্দিন মারা গেছেন বলে প্রচার করে প্রতিপক্ষ। রাতেই প্রতিপক্ষ লাশ মুক্তাগাছায় এনে পরিবারের ওপর চাপ দিয়ে ময়নাতদন্ত না করে দাফন করে। এ ঘটনায় হেলালের মা হেলেনা বেগম ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতে হত্যা মামলা করেন। এতে ১৩ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেন। গত বছরের ১০ নভেম্বর লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়।
হেলেনা বেগম বলেন, ২৪ জুলাই রাতে এক ব্যক্তি মুঠোফোনে জানান, হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। যাঁরা এ খবর জানিয়েছিলেন, তাঁরাই হেলাল উদ্দিনের হত্যাকারী।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।