ছাত্রকে হত্যার দায়ে মাদ্রাসা সুপারসহ তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে মাদ্রাসাছাত্র ওয়াছকুরুনীকে হত্যার দায়ে সে যে মাদ্রাসায় পড়ত, সেখানকার সুপারসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিকেলে নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার জলঢাকা উপজেলার কৈমারী বসুনিয়াপাড়া এজাহারিয়া জামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সুপার ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের শওকত আলী (৫৮), সহকারী শিক্ষক কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামের আফজাল হোসেনের ছেলে মফিজুল ইসলাম (৩৩) ও ছাত্র জলঢাকার ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত গ্রামের জহুরুল হকের ছেলে মনিরুজ্জামান (২৭)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব কচুয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে ওয়াছকুরুনী ওই মাদ্রাসায় হাফিজিয়া শ্রেণিতে পড়ত। দীর্ঘদিন ধরেই মাদ্রাসার সুপার সেখানে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। একসময় ওয়াছকুরুনী তা দেখে প্রতিবাদ করে। এ ঘটনার জের ধরে ওই তিনজন মিলে ২০০৭ সালে ওয়াছকুরুনীকে কুপিয়ে হত্যা করেন। পরদিন মাদ্রাসা-সংলগ্ন মসজিদের পেছনে ওয়াছকুরুনীর লাশ উদ্ধার করে পুলিশ।