ছাত্রকে হত্যার হুমকি দিলেন শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্র এস এম আল-আমিন নিজের নিরাপত্তা চেয়ে গতকাল শনিবার উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আল-আমিন দৈনিক সমকাল-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
বিভাগের শিক্ষাসফরের ‘অনিয়মের’ সংবাদ প্রকাশ করায় হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে আল-আমিন প্রথম আলোর কাছে দাবি করেছেন।
শিক্ষার্থীদের ভাষ্য, সম্প্রতি বিভাগের সহকারী অধ্যাপক মোজাহারুল ইসলামের তত্ত্বাবধানে কক্সবাজারে শিক্ষাসফরে যান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এতে বিভাগের চেয়ারম্যানের অনুমতি ছাড়াই অন্য বিভাগের দুই ছাত্রকে সঙ্গে নেন মোজাহারুল ইসলাম। এ ছাড়া যাঁরা শিক্ষাসফরে যাবেন না, তাঁদের কম নম্বর দেওয়ার হুমকি দেন তিনি। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। আল-আমিন ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে ওই দিন সন্ধ্যায় একটি অনলাইন সংবাদপত্রে স্মারকলিপির সংবাদটি প্রকাশ হওয়ায় আল-আমিনের সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ এনে হত্যার হুমকি দেওয়া হয়।
আল-আমিন বলেন, তাঁকে হত্যার হুমকির কথোপকথন তাঁর মুঠোফোনে রেকর্ড আছে।
অভিযোগের বিষয়ে জানতে চাওয়ার জন্য গতকাল রাতে একাধিকবার মোজাহারুল ইসলামের মুঠোফোনে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। উপাচার্য মীজানুর রহমান জানান, বিষয়টি তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলা হয়েছে।