ছাত্রকে ২৫৬ বার বেত্রাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন দেখার জন্য পাবনা সদর উপজেলায় মাদ্রাসার এক শিক্ষক মোজাম্মেল হোসেন (১৩) নামের এক ছাত্রকে ২৫৬ বার বেত্রাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক। গত শুক্রবার উপজেলার চড়াডাঙ্গী গ্রামের চড়াডাঙ্গী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে মোজাম্মেল মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পাশের বাড়িতে টিভি দেখতে যায়। মোজাম্মেলের সহপাঠীদের কেউ বিষয়টি মাদ্রাসার শিক্ষক আবুল হাসানকে জানায়। গত শুক্রবার দুপুরে মোজাম্মেল মাদ্রাসায় পড়তে গেলে ওই শিক্ষক তাকে টিভি দেখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে মোজাম্মেলকে ৩০০ বার বেত্রাঘাত করার কথা ঘোষণা করেন। মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের বেত্রাঘাতের সংখ্যা গোনার নির্দেশ দিয়ে তিনি মোজাম্মেলকে পেটাতে শুরু করেন। ২৫৬ বার বেত্রাঘাত করার পর মোজাম্মেল অসুস্থ হয়ে পড়ে। এরপর শিক্ষক আবুল হাসান শিক্ষার্থীদের ঘটনাটি বাইরের কাউকে না বলার জন্য নির্দেশ দেন। সন্ধ্যায় অসুস্থ অবস্থায় মোজাম্মেল বাড়িতে গেলে তার পরিবারের লোকজন বিষয়টি প্রতিবেশীদের জানান।এলাকাবাসী ওই শিক্ষকের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে এবং তারা বিষয়টি মাদ্রাসার কর্তৃপক্ষকে জানায়। এর পর থেকে শিক্ষক আবুল হাসানকে আর খুঁজে পাওয়া যায়নি। মাদ্রাসার তত্ত্বাবধায়ক বনি ইয়ামিন বলেন, ঘটনাটি জানার পরই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিনি জানাননি।