ছাত্রছাত্রী 'নিরুদ্দেশ' চুয়াডাঙ্গায় সহিংসতা
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্র ও এক ছাত্রীর ‘নিরুদ্দেশ’ হওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুই দিন ধরে দুই পক্ষের মধ্যে হামলা, ঘর-ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা সহিংস ঘটনা ঘটছে।
নিরুদ্দেশ হওয়া ওই দুই শিক্ষার্থী হচ্ছে সদর উপজেলার সুবদিয়া গ্রামের সিদ্দিক আহমেদ মালিতার ছেলে তুহিন আহমেদ (১৭) ও সরোজগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মেয়ে (১৭)। গতকাল শনিবার বিকেল পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। তারা গত বৃৃহস্পতিবার সকালে একই সময়ে নিরুদ্দেশ হয়। এ নিয়ে গত শুক্রবার সকালে সরোজগঞ্জ বাজারে একটি বৈঠকও হয়েছে। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হলেও থানায় এ পর্যন্ত তারা কোনো অভিযোগ করেনি।
এ ঘটনায় ছাত্রীর পক্ষের লোকজন তুহিন ও এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানের বাড়িঘরে ভাঙচুর করেছেন এবং তুহিনের পরিবারের চার সদস্যকে নিয়ে আটকে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত তুহিনের এলাকা সুবদিয়া গ্রামের লোকজন চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পদ্মবিলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস জানান, সরোজগঞ্জ বাজারের শামসুল ইসলামসহ কয়েকজন ব্যবসায়ী গত শুক্রবার তাঁর বাড়িতে যান এবং ওই দুই শিক্ষার্থীকে খুঁজে বের করতে তাঁকে চাপ দেন। একপর্যায়ে সন্ধ্যায় সরোজগঞ্জ বাজারের হোয়াইট হাউস নামের একটি সংগঠনের পরিচয়ে একদল যুবক তাঁর (আবু তাহের) এবং তুহিনের বাবা সিদ্দিক আহমেদের বাড়িতে ভাঙচুর চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে সুবদিয়া গ্রামবাসী সংগঠিত হয়ে ওই যুবকদের ধাওয়া করেন। এ সময় তাঁরা আবুল কালাম আজাদ নামে সরোজগঞ্জ বাজারের এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করেন। এ খবর ছড়িয়ে পড়লে সরোজগঞ্জ বাজারে অবস্থিত সুবদিয়া গ্রামের ছোটন আলীর সারের দোকানও ভাঙচুর করা হয়। এর আগে তুহিনের পরিবারের চার সদস্যকে সরোজগঞ্জ বাজারের হোয়াইট হাউসের কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। পুলিশ পরে তাঁদের সেখান থেকে উদ্ধার করে।
তবে হোয়াইট হাউসের সভাপতি জুয়েল রানা বলেন, হামলা, ভাঙচুর ও লোকজনকে আটকে রাখার ঘটনায় তাঁদের সংগঠনের কেউ জড়িত নন।