ছাত্রছাত্রীদের আত্মহত্যা সমাজের ওপর চপেটাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, স্কুলের ছাত্রছাত্রীদের আত্মহত্যা সমাজের ওপর চপেটাঘাত। সমাজের ওপর, দেশের ওপর আস্থা হারিয়ে তারা আত্মহত্যার পথ পেছে নিচ্ছে। তিনি সন্তানদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহবান জানান।
গতকাল বুধবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে প্রথম আলো যোসেফাইট বিতর্ক উৎসব ২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের সময় মাহফুজ আনাম এ কথা বলেন।
মাহফুজ আনাম বলেন, বিতর্ক মানুষকে সূক্ষ্মভাবে চিন্তা করতে শেখায়। ব্যক্তিত্ত্ব বিকাশের শ্রেষ্ঠ উপায় হলো বিতর্ক। সুন্দর ভাষা ব্যবহার করা, তথ্য আয়ত্ত করা এবং বক্তব্য প্রকাশের মাধ্যমে বিতার্কিকেরা হয়ে ওঠেন দক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সেন্ট যোসেফ স্কুলের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন বলেন, বিতর্কের উদ্দেশ্য হলো উপস্থাপনার মাধ্যমে যুক্তি সঠিকভাবে তুলে ধরা।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘সামাজিক অবক্ষয়ই কিশোর-কিশোরীদের আত্মহত্যাপ্রবণ করে তুলছে’ বিষয়ে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যোসেফাইট ডিবেটিং ক্লাবের মডারেটর নেওয়াজুল কবির, সভাপতি মো. শাইয়ান সাদিক এবং সহসভাপতি সাকিফ আল এহসান খান।
এবারের বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘লেট লজিক ফ্লাই’। প্রতিযোগিতায় দেশের ৪০টি স্কুল ও ১৬টি কলেজ অংশ নিচ্ছে। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।