নানা সমস্যায় ধুঁকছে কুষ্টিয়া সরকারি কলেজ। প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক ও শ্রেণীকক্ষ নেই। ২৩ হাজার শিক্ষার্থীর মধ্যে ১৬৪ জনের আবাসনের ব্যবস্থা আছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্নত পরীক্ষাগার নেই। এসব সমস্যার কারণে শিক্ষকেরা যথাযথভাবে পাঠদান করতে ও পরীক্ষা নিতে পারছেন না। নিয়মিত পাঠদান না হওয়ায় পাঠ্যক্রমও যথাসময়ে শেষ হচ্ছে না। এতে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ীসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করে। এখানে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস), ১৮টি বিষয়ে স্নাতক (সম্মান) ও ছয়টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু আছে। উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পর্যায়ে পাঠদানের জন্য এখানে ১১২ জন শিক্ষক আছেন। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ-সংক্রান্ত এনাম কমিটির সুপারিশ অনুযায়ী এখানে ১৯৮ জন শিক্ষক থাকার কথা। ওই কমিটির সুপারিশ অনুযায়ী উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতিটি বিষয়ে ১২ জন শিক্ষক থাকার কথা। কিন্তু এখানে প্রতিটি বিষয়ে ছয়-সাতজন করে শিক্ষক আছেন।
কলেজ সূত্রে আরও জানা গেছে, শিক্ষক-সংকটে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিজ্ঞান বিভাগে সংকট প্রকট আকার ধারণ করেছে। পদার্থবিজ্ঞান বিভাগে ছয়জন, রসায়ন বিভাগে ছয়জন, প্রাণীবিজ্ঞানে পাঁচজন ও উদ্ভিদবিজ্ঞানে মাত্র দুজন শিক্ষক আছেন। শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে এখানে ৬৫টি শ্রেণীকক্ষ প্রয়োজন। কিন্তু আছে ৪২টি।
কলেজের শিক্ষার্থীদের আবাসন সমস্যাও প্রকট। ২৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১০০ আসনের ছাত্রাবাস ও ৬৪ আসনের ছাত্রীনিবাস আছে। এই কারণে শিক্ষার্থীদের অতিরিক্ত টাকা খরচ করে শহরের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতে হচ্ছে।
কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রীনিবাসে ৮০ জন ছাত্রী গাদাগাদি করে থাকেন। এখানেও রয়েছে নানা সমস্যা। তৃতীয় বর্ষের ছাত্রী দীপ্তি মুখার্জি বলেন, ছাত্রীনিবাসের একমাত্র নলকূপের পানি পান করা যায় না। তাঁদের ক্যাম্পাসের নলকূপ থেকে পানি এনে পান করতে হয়।
অধ্যক্ষ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে শিক্ষক নিয়োগ, একাডেমিক ভবন, ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়সহ নানা সমস্যা তুলে ধরা হয়। কিন্তু আজও এসব সমস্যা সমধানের উদ্যোগ নেওয়া হয়নি।