রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাত্রছাত্রীদের কুসংস্কার ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা যাতে কুসংস্কার ও সংকীর্ণ মানসিকতা থেকে মুক্ত রেখে নিজেদের গড়ে তুলতে পারে, সেভাবে শিক্ষা দেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব ও কর্তব্য। রাজধানীতে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তনের ভাষণে গতকাল বুধবার রাষ্ট্রপতি এ কথা বলেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, সরকার সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক। ছাত্রছাত্রীরা দেশ ও জনগণের প্রতি আরও দায়িত্বশীল হবে বলে সরকার আশা করে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শুধু মুনাফার জন্য পরিচালনা করা যাবে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান এবং দেশ ও জনগণের প্রতি এর জবাবদিহি থাকতে হবে।
সমাবর্তনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলম এবং উপাচার্য এ এম এন সাইফুল্লাহও বক্তৃতা করেন। বুয়েটের ইমেরিটাস অধ্যাপক ইকবাল মাহমুদ সমাবর্তন বক্তব্য দেন। সমাবর্তনে ৪৯১ জন ছাত্রছাত্রীকে স্নাতকের সনদ দেওয়া হয়। এর মধ্যে স্বর্ণপদক লাভ করেন তিনজন।
ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ: রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দেশের বাহিনীর পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের এয়ার স্টাফ পর্যায়ে নিয়মিত বৈঠকের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।