ছাত্রছাত্রীরা ভিজতে ভিজতে পালিয়েছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচিতে ক্যাথলিক খ্রিষ্টান মিশনের ‘শান্তিরাজ মিশন ছাত্রাবাসের’ ১৪৫ ছাত্রছাত্রী গত মঙ্গলবার গভীর রাতে বৃষ্টিতে ভিজতে ভিজতে পালিয়ে গেছে বলে জানা গেছে। তারা ৩০-৩৫ কিলোমিটারের দুর্গম এলাকায় তাদের বাড়িতে নিরাপদে পৌঁছতে পেরেছে কি না, ছাত্রাবাসের পরিচালকেরা গতকাল বুধবার নিশ্চিত করে জানাতে পারেননি।
থানচি সদর ইউপির সাবেক সদস্য উজ্জ্বল ত্রিপুরা ছাত্রছাত্রীদের বরাত দিয়ে বলেছেন, কম খাইয়ে তাদের মানবেতর অবস্থায় রাখায় তারা চলে যেতে বাধ্য হচ্ছে বলে পালিয়ে যাওয়ার সময় ছাত্রছাত্রীরা জানিয়েছে।
ছাত্রাবাস পরিচালনা কমিটির সাবেক সভাপতি সত্যমণি ত্রিপুরা ও সদস্য সচীন ত্রিপুরা বলেছেন, যোগাযোগবিচ্ছিন্ন এলাকা হওয়ায় ছাত্রছাত্রীরা, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীরা বাড়িতে পৌঁছতে পেরেছে কি না, তাঁরা খোঁজখবর পাচ্ছেন না। গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ জন্য তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।
মিশনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, থানচি উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত ছাত্রাবাসে দুর্গম বড় ও ছোট মদক, তিন্দু, রেমাক্রি এলাকার হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের রাখা হয়। ক্যাথলিক মিশনের অর্থায়নে প্রথম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়।
থানচি সদরের নুমংপ্রু মারমা ও জর্জ ত্রিপুরা বলেছেন, ছাত্রছাত্রীরা বলেছে, তাদের সকালে ও বিকেলে দুই বেলা আধা পেট ভাত খেতে দিয়ে আড়াই-তিন ঘণ্টা অমানুষিক পরিশ্রম করানো হয়। সেখানে কোনো পড়াশোনা হয় না। সকাল হলে তাদের যেতে দেওয়া হবে না বলে গভীর রাতে তারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সুরেন্দ্র ত্রিপুরা কম খেতে দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, ছাত্রাবাসের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের সকাল সাড়ে নয়টা ও বিকেল সাড়ে পাঁচটা—দুবার ভাত দেওয়া হয়। উঠতি বয়সের ছেলেমেয়েদের শুধু দুই বেলা ভাত যথেষ্ট কি না জানতে চাইলে সুরেন্দ্র বলেন, এটাই তাঁদের নিয়ম। ব্যয় সাশ্রয়ে ছাত্রাবাসের জন্য সবজি চাষে ছাত্রছাত্রীদের এক ঘণ্টা পরিশ্রম করানো হয় বলে তিনি জানিয়েছেন।
থানচির ক্যাথলিক মিশনের পাল (প্রধান) পুরোহিত ফাদার লরেন্স ছাত্রছাত্রীদের পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেছেন, কী হয়েছে বিষয়টি তিনি খোঁজখবর নিচ্ছেন। প্রকৃত ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।