ছাত্রজোটের সাতজনকে পিটিয়েছে ছাত্রলীগের সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার প্রগতিশীল ছাত্রজোটের সাত নেতা-কর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের সমর্থকেরা।জানা গেছে, এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। সাংবাদিকদের অভিযোগ, এ সময় গণমাধ্যমের ফটোসাংবাদিকেরা ছবি তুলতে গেলে তারা বাধা দেয়। এ হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট জেলা শাখা দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে প্র্রগতিশীল ছাত্রজোটের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আহসান হাবিব অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি ফি ছিল পাঁচ হাজার ৫৭০ টাকা। এবার এক ধাপে প্রায় দুই হাজার টাকা বাড়িয়ে সাত হাজার ৪৯০ টাকা করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে গেলে ছাত্রলীগের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের উপস্থিতিতে কিল-ঘুষি মারে ও লাঠি দিয়ে পেটায়। তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হাসান হামলার কথা অস্বীকার করে বলেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।