ছাত্রত্ব না থাকলেও তিনি ছিলেন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও গোলাগুলির সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আখেরুজ্জামান তাকিম জড়িত বলে অভিযোগ করেন ঘটনার প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের কর্মীরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাঁর ছাত্রত্বই নেই। তবু তাঁকে ছাত্রলীগের কমিটিতে স্থান দেওয়া হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ শিক্ষাবর্ষে দর্শন বিভাগে ভর্তি হন আখেরুজ্জামান। পুরো নাম এ কে এম তৌহিদ আলম আখেরুজ্জামান। পরিচিত আখেরুজ্জামান তাকিম নামে। ক্লাসে পর্যাপ্ত উপস্থিতি না থাকায় প্রথম সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি। একই কারণে ২০০৯ ও ২০১০ সালেও তিনি পরীক্ষার ফরম পূরণ করতে পারেননি। এতে ২০১০ সাল থেকে তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে দর্শন বিভাগের সভাপতি এস এম আবু বকর সিদ্দিক বলেন, ‘আখেরুজ্জামান বিভাগের ঝরে পড়া ছাত্র। এখন আর তিনি বিভাগের ছাত্র নন।’ছাত্রলীগের সাধারণ কর্মীদের অভিযোগ, আখেরুজ্জামানের ছাত্রত্ব নেই জেনেও নেতারা দল ভারী করতে তাঁকে সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন। ক্যাম্পাসে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইনের পক্ষ নিয়ে রাজনীতি করেন।ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমেদ আলীর সমর্থক সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনের সঙ্গে আখেরুজ্জামানের বাগিবতণ্ডা হয়। ওই সময় আখেরুজ্জামান মাদার বখশ হলে সভাপতির কক্ষ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তাঁর নেতৃত্বে ১০-১২ জন নেতা-কর্মী সোহরাওয়ার্দী হলের সামনে এবং তুহিনের নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী মাদার বখশ হলের সামনে রড, রামদা, হাঁসুয়া ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। রাত ১১টার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে আখেরুজ্জামান পিস্তল থেকে গুলি করতে শুরু করলে তুহিনের পক্ষ পাল্টা গুলি ছোড়ে। এতে সাধারণ সম্পাদক ও আখেরুজ্জামানের পক্ষের সমর্থক শেরেবাংলা হল ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল হাসান সোহেল রানা গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহেলের মৃত্যু হয়।ওই ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আখেরুজ্জামান তাকিম ও তৌহিদ আল তুহিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।আখেরুজ্জামানের সহসভাপতি হওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন বলেন, ‘আখেরুজ্জামান তাকিমের ছাত্রত্ব না থাকার বিষয়টি জানা ছিল না। জানলে তিনি কখনোই পদ পেতেন না।’