ছাত্রত্ব নেই, কমিটি নেই, তবু তাঁরা ছাত্রলীগের নেতা!
মেয়াদোত্তীর্ণ কমিটির নেতাদের দিয়ে চলছে বগুড়ার সরকারি আযিযুল হক কলেজ ছাত্রলীগের কার্যক্রম। সাত বছর আগের আহ্বায়ক কমিটির নেতাদের ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়েছে। তবু তাঁরা ছাত্রলীগের নেতা হিসেবে দুই পক্ষে বিভক্ত হয়ে কলেজে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে কলেজে ভর্তি-বাণিজ্যের অভিযোগ ওঠে। রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীরা সশস্ত্র মহড়া দেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হন। খোঁজ নিয়ে জানা গেছে, কলেজ ছাত্রলীগের যে কমিটি রয়েছে তার আহ্বায়ক মাহমুদুন্নবী এবং যুগ্ম আহ্বায়ক যথাক্রমে কামরুল হুদা ও কামরুল হাসান। ২০০৩ সালে কলেজ ছাত্রলীগের ওই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তা আর হয়নি। কলেজে এসব কমিটির মেয়াদ এক বছর হলেও দীর্ঘ সাত বছরেও কলেজে কোনো কমিটি হয়নি। দুই যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা ও কামরুল হাসান ২০০৫ সালে পাস করে কলেজ থেকে বের হয়েছেন। অপর যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ২০০৪ সালে চাকরিতে যোগদান করেছেন। আর আহ্বায়ক মাহমুদুন্নবীরও ছাত্রত্ব শেষ হয়েছে তিন বছর আগে। জিল্লুর রহমান ছাড়া বাকি তিনজন কলেজে এখনো নেতা হিসেবেই রয়ে গেছেন। এর মধ্যে আহ্বায়ক মাহমুদুন্নবী এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। আর অপর পক্ষের নেতৃত্বে আছেন কামরুল হুদা ও কামরুল হাসান।ছাত্রলীগ কলেজ শাখার একাংশের নেতা কামরুল হুদা অভিযোগ করেন, কমিটির আহ্বায়ক কিছু কর্মীকে নিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এসবের প্রতিবাদ করায় তাঁরা তাঁর কর্মী-সমর্থকদের প্রায়ই মারধর করছেন। অপর দিকে আহ্বায়ক মাহমুদুন্নবী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজে একসময় ছাত্রলীগ ঢুকতে পারত না। তাঁর নেতৃত্বেই কলেজে ছাত্রলীগ শক্তিশালী হয়েছে। তিনি বলেন, পূর্ণাঙ্গ জেলা কমিটি না থাকায় তাঁদের কমিটি হচ্ছে না। বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের মধ্যে কোনো বিরোধ নেই। কিছু তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রোববার একটি ঘটনা ঘটেছে। পরে আলোচনার মাধ্যমে তা মীমাংসা করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, অচিরেই কলেজ কমিটি ভেঙে দেওয়া হবে।