ছাত্রত্ব বাতিল হওয়া তিন ছাত্র রিমান্ড শেষে কারাগারে
জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিল হওয়া তিন ছাত্রকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, গত ৬ অক্টোবর বায়েজীদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় গ্রেনেড বিস্ফোরণে নিহত হন জেএমবির চট্টগ্রাম অঞ্চলের ‘সামরিক প্রধান’ মো. জাবেদ। এ ঘটনায় বায়েজীদ বোস্তামী থানায় হত্যা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় দুটি পৃথক মামলা হয়। দুই মামলায় জেএমবির এই তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হলে গত রোববার হত্যা মামলায় তিন দিন ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে সোমবার তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে নগর গোয়েন্দা পুলিশ। রিমান্ড শেষ হওয়ায় আজ আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে কর্ণফুলী থানায় সন্ত্রাস দমন আইনে করা একটি মামলায় গত ২৮ ডিসেম্বর এই তিন ছাত্রকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
জিজ্ঞাসাবাদকারী দলের সদস্য নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান জানান, জিজ্ঞাসাবাদে ওই তিনজনের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই করা হচ্ছে।
গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকায় জেএমবি চট্টগ্রামের প্রধান ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসা থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরকসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তিনজনের সঙ্গে ফারদিনকে পলাতক দেখিয়ে হাটহাজারী থানায় তিনটি মামলা করা হয়। এ ছাড়া কর্ণফুলী থানার অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের তিনটি মামলা এবং বায়েজিদ বোস্তামী থানার দুই মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।