ছাত্রত্ব বাতিল হবে না আশ্বাসে অনশন ভাঙালেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে খুলনা সিটি করপোরেশনের মেয়রের আশ্বাসে গতকাল বৃহস্পতিবার অনশন ভেঙেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘কারও ছাত্রত্ব নষ্ট করা হবে না’ এই মর্মে মেয়র আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হন। এর আগে চতুর্থ দিনের মতো অনশনে সব ছাত্রই অসুস্থ হয়ে পড়েন।৩৪ জন শিক্ষার্থীর নিঃশর্ত শাস্তি প্রত্যাহারের দাবিতে গত রোববার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন, মৌন অবস্থান কর্মসূচি এবং সোমবার দুপুর থেকে অনশন শুরু করেন।শিক্ষার্থীরা জানান, গতকাল দুপুর দুইটার দিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক অনশনস্থলে আসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করার আহ্বান জানান এবং আপিল আবেদন সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে বিবেচনা এবং কারও ছাত্রত্ব নষ্ট না হওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাঁদের আন্দোলন তুলে নিতে সম্মত হন। পরে উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ ও মেয়র ফলের রস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান। টানা অনশনে গতকাল সব শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়েন। সবাইকে স্যালাইন দেওয়া হয় এবং গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চারজনকে অক্সিজেন দিতে হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল দুপুর পর্যন্ত ৩৪ জনের মধ্যে মোট ৩০ জন তাঁদের আপিল আবেদন জমা দিয়েছেন। ২২ জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। ওই দিন আপিলের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।