ছাত্রত্ব বাতিলসহ ২৮ জন আন্দোলনকারীকে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নার্সিং কলেজে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনকারী ২৮ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এই শিক্ষার্থীদের দুই বছর পর্যন্ত বহিষ্কার, চার হাজার টাকা করে জরিমানা ও ছাত্রীনিবাসের সিট বাতিল করা হয়েছে।১০ জানুয়ারি শিক্ষার্থীদের ঠিকানায় এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে শাস্তির ঘোষণা ছাড়াও এসব শিক্ষার্থীর অভিভাবকদের কলেজে গিয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বন্ধ হওয়ার ৪০ দিনের মাথায় গতকাল রোববার কলেজ খুলেছে। কলেজ সূত্র জানায়, শিক্ষার্থীরা দাবি আদায়ে গত ৫ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ সাদেকা খাতুনকে অবরুদ্ধ করলে পুলিশ তাঁকে উদ্ধার করে। শিক্ষার্থীরা এ সময় কলেজে ভাঙচুর চালান। এরপর কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ দায়েম উদ্দিনকে সভাপতি করে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১০ জানুয়ারি কলেজের অধ্যক্ষ ২৮ জন শিক্ষার্থীকে শাস্তির আদেশসংক্রান্ত চিঠি দেন। তদন্ত কমিটি ও কলেজ সূত্রে জানা যায়, চার শিক্ষার্থীকে দুই বছর করে এবং পাঁচ শিক্ষার্থীকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে। ২৮ শিক্ষার্থীকে চার হাজার টাকা করে জরিমানা, ছাত্রীনিবাসের সিট বাতিলসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। কয়েকজন শিক্ষার্থী শাস্তির চিঠি পাওয়ার কথা স্বীকার করেন। তাঁরা দাবি করেন, সম্পূরক পরীক্ষায় অংশ না নিলে তাঁদের শিক্ষাজীবনের একটি বছর নষ্ট হয়ে যাবে। তাই আন্দোলন করেন। তাঁদের অযৌক্তিকভাবে শাস্তি দেওয়া হয়েছে। এ শাস্তি প্রত্যাহারেরও দাবি জানান শিক্ষার্থীরা।চিঠির ব্যাপারে কলেজের অধ্যক্ষ সাদেকা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যক্তিগত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অধ্যক্ষের কার্যালয়ের টেলিফোনে যোগাযোগ করা হলে তা কেউ ধরেননি। তদন্ত কমিটির সভাপতি দায়েম উদ্দিন শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেন।