ছাত্রদল ও ছাত্রলীগের যোগদান নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলায় ছাত্রদল ও ছাত্রলীগের বিরুদ্ধে যোগদান নাটকের অভিযোগ উঠেছে। স্থানীয় রোহিঙ্গাসহ বেশ কিছু অছাত্রকে ছাত্রলীগের নেতা-কর্মী দেখিয়ে ছাত্রদলে এবং কয়েক দিন পরে ওই একই ব্যক্তিদের ছাত্রলীগে যোগদান করানো হয়েছে। বিষয়টি এখন পুরো জেলাতেই হাস্যরসের সৃষ্টি করেছে। স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার অপচেষ্টার অংশ হিসেবে উপজেলা ছাত্রদল ও ছাত্রলীগ এ ধরনের যোগদান নাটক করেছে। গত ২৫ মে প্রায় অর্ধশত টমটমে করে ও রিকশাচালক, বেকার যুবক ও রোহিঙ্গাকে আলীকদম থেকে জেলা শহরে নিয়ে এসে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরির হাতে ফুলের তোড়া দিয়ে তাঁদের ছাত্রদলে যোগদান করানো হয়। এ ঘটনার চার দিনের মাথায় গত ২৯ মে রাতে ছাত্রলীগের পক্ষ থেকে ওই ব্যক্তিদেরই দ্বিতীয় দফায় জেলা শহরে নিয়ে আসা হয়। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুরের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁদের ছাত্রলীগে যোগ দেওয়ানো হয়। এভাবে উভয় ছাত্র সংগঠনে যোগদানকারী রোহিঙ্গা আবু সামা ও হোসাইন বলেছেন, তাঁরা গরিব ঘরের ছেলে। ভয় দেখিয়ে ও প্রতারণা করে তাঁদের জেলা শহরে নিয়ে গিয়ে দুই দলেই যোগদান করানো হয়েছে। এ ঘটনায় আলীকদম উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী বলেন, ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ-ভ্রমণের কথা বলে মিয়ানমারের নাগরিকসহ ওই অছাত্রদের আলীকদম থেকে জেলা শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের ছাত্রলীগের নেতা-কর্মী দেখিয়ে ছাত্রদলে যোগদান করানো হয়। তবে তিনি স্বীকার করেন, ওই ব্যক্তিরাসহ আলীকদমের ৫৩ জন ছাত্রলীগে যোগ দিয়েছেন। তাঁদের কেউ কেউ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মী ছিলেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা একটি ক্লাবের সদস্যদের প্রতারণা করে নিজ দলে যোগদান করানোর পর তাঁরা নতুন করে ছাত্রলীগে যোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে, আলীকদম উপজেলা ছাত্রদলের সভাপতি মোহামঞ্চদ ইলিয়াস তাঁদের নেতা-কর্মীদের ভয় দেখিয়ে ছাত্রলীগে যোগদান করানো হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন।