রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে গতকাল বুধবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কসহ অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ছাড়া রাজশাহী-ঢাকা মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকেন। খবর পেয়ে ছাত্রলীগের শতাধিক কর্মী তাঁদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।দুপুর ১২টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছেড়ে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ওই মহাসড়কে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস ব্যাপক ভাঙচুর করেন। বিক্ষোভকারীরা পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব রুটের বাস চলাচল বন্ধ থাকে। রাজশাহী-ঢাকা মহাসড়কেও প্রায় আধা ঘণ্টা কোনো যান চলেনি। আহত নেতা-কর্মীরা হলেন: ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজা, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন রানা, কর্মী ইকরামুল হক, জহুরুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, সাইফুল ইসলাম, ফাহিম আহমেদ, কামরুল ইসলাম, আবু রায়হান এবং ছাত্রলীগের কর্মী নাজমুল হক, সোহেল রানা, সাইদুল ইসলাম, ওয়ালিদ হাসান, তাকিম ও আবদুল কুদ্দুস। তাঁদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা মুঠোফোনে প্রথম আলোয় অভিযোগ করেন, গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের এক কর্মীর ছুরিকাঘাতে তাঁদের কর্মী আহসানুজ্জামান আহত হওয়ার প্রতিবাদে ও তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে ক্যাম্পাসে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। ছাত্রলীগের শরিফুল ইসলাম, আহমেদ আলীসহ একাধিক কর্মী বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিলের প্রস্তুতি নেন। তাঁদের এ অপতৎপরতা বন্ধে ছাত্রলীগের কর্মীরা রুখে দাঁড়ান।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুশতাক আহমেদ বলেন, ক্যাম্পাসে বর্তমানে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিঊল ইসলাম গতকাল বিকেলে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি।