নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে গিয়ে গতকাল শনিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯০টি রাবার বুলেট ছোড়ে। এ ঘটনার জন্য উভয় সংগঠন পরস্পরকে দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রের বিবরণ অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নবীনদের স্বাগত জানিয়ে ছাত্রদল ও ছাত্রলীগ স্লোগান দেয়। প্রধান ফটকের দক্ষিণ পাশের সড়কে ছাত্রলীগ ও উত্তর পাশে ছাত্রদল অবস্থান নেয়। ওই সময় ছাত্রদলের মিছিল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ছাত্রলীগও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় নবীন শিক্ষার্থী, অভিভাবক ও তাঁদের স্বজনেরা আতঙ্কে দিগিবদিক ছোটাছুটি শুরু করেন। সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্রদলের ১৫ জন এবং ছাত্রলীগের আটজন। পরে তাঁদের নগরের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যতম সদস্য ও অর্থনীতি চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রথমে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেন। পরে পুলিশও আমাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদলের ১৫ জন নেতা-কর্মী আহত হন। ’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক ও লোক প্রশাসন স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মাহমুদুর রহমান বলেন, ছাত্রদলের মিছিল থেকেই ছাত্রলীগের মিছিলে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় ছাত্রলীগের কর্মী ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন, সাজ্জাদ হোসেন ও লোক প্রশাসন বিভাগের ইলিয়াস হোসেন রাবার বুলেটের আঘাতে আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেনের মুঠোফোনে গতকাল শনিবার সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া বলেন, ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে মিছিল করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ভর্তি পরীক্ষার পর নবীনদের স্বাগত জানাতে গিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে প্রধান ফটকের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। মিছিল হওয়াকে কেন্দ্র করে দৌড়াদৌড়ি হয়। পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়।