ছাত্রদল ও বাঙালি ছাত্র পরিষদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গত বুধবার ছাত্রদল ও বাঙালি ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা ছাত্রদলের সভাপতিসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাঙালিপাড়া এলাকায় লাকড়ির গাড়ি নিয়ে আসার পথে বোয়ালখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সঞ্জয় চৌধুরীর সঙ্গে বাঙালি ছাত্র পরিষদের সদস্য আহাদুল ইসলামের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ছাত্র পরিষদের কর্মীরা হামলা চালিয়ে জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরীর মাথা ফাটিয়ে দেন। হামলায় উপজেলা ছাত্রদলের সভাপতি সোহরাব হোসেন, বিএনপির কর্মী শুক্কুর আলীও আহত হন। মিন্টু চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাত্র পরিষদের সহসভাপতি রাসেল প্রধান রাত আটটার দিকে ওই কমপ্লেক্সের সামনে গেলে ছাত্রদলের কর্মীরা তাঁর ওপর হামলা চালান। সোহরাব হোসেন ও সঞ্জয় চৌধুরী অভিযোগ করেন, ‘দীর্ঘদিন ধরে বাঙালি ছাত্র পরিষদের নামে বাঙালিপাড়া সুপারি বাগান এলাকায় চাঁদা আদায় করা হচ্ছে। কিছুদিন আগে চাঁদা তোলার ঘটনায় বিচারও হয়েছে। গতকাল আবারও চাঁদা আদায় শুরু হলে তাতে বাধা দেওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়।’ তবে রাসেল প্রধান ও আহাদুল ইসলাম বলেন, ‘ছাত্র পরিষদের নামে কোনো চাঁদা আদায় করা হয় না। শ্রমিকদের পাওনা টাকা চাওয়ায় আমাদের ওপর হামলা করা হয়।’