কুমিল্লায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ও যুবদলের ১১ জন নেতা-কর্মী জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার আদালতের বিচারক কামাল উদ্দিন তাঁদের জামিন দেন।একই সঙ্গে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত। জামিনপ্রাপ্ত ব্যক্তিরা সবাই কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারী। জামিনপ্রাপ্তরা হলেন: কুমিল্লা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু, শহর যুবদলের সদস্য ফেরদৌস পাটোয়ারী, তাঁর সহোদর জনি পাটোয়ারী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক ওরফে সবুজ, শহর যুবদলের সদস্য পেয়ার পাটোয়ারী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল্লাহ ফয়সাল, শহর ছাত্রদলের সদস্য আবুল কালাম আজাদ, সাইফুদ্দিন ও জুরায়ের আলম জিলানী। আসামিপক্ষের আইনজীবী আলী আক্কাস প্রথম আলোকে জানান, গত ১৭ মে রাতে শহর ছাত্রদলের সদস্য কে এম দিদার হোসেন জেলা ছাত্রদল ও যুবদলের ১১ নেতার নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গত ২১ মে আসামিরা হাইকোর্ট থেকে ১৫ দিনের জামিন নিয়ে আসেন। এরপর তাঁরা গতকাল মঙ্গলবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।