
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনার তদন্তে ইংরেজি বিভাগের অধ্যাপক হারুনুর রশিদ আশকারিকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোহাইমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ, অর্থসম্পাদক কামরুল; ছাত্রলীগের সাবেক কর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. জিয়া এবং ছাত্রলীগের কর্মী শাহিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শাহিনের অবস্থার অবনতি হওয়ায় গতকাল সন্ধ্যায় তাঁকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। অন্যরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ক্যাম্পাসের পাশে শেখপাড়া বাজারে রুবেল নামে ছাত্রলীগের বহিরাগত এক কর্মীকে মারধর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের ছাত্র সোহাগ ও রনি। এ ঘটনার পর সকাল ১০টার দিকে ছাত্রদলের দলীয় টেন্টে গিয়ে সোহাগ ও রনিকে মারধর করেন ছাত্রলীগ কর্মী আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র রাসেল জোয়ার্দ্দারসহ কয়েকজন। এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা ১২টার দিকে ছাত্রদল কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে কলা অনুষদের সামনে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। ছাত্রদল পিছু হটে টিএসসি ও সাদ্দাম হোসেন হলের মধ্যে অবস্থান নেয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেয় টিএসসিসির উত্তর পাশে। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান, যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারী, আহমেদ সাজন, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. হালিম, সাবেক কমিটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাবেক নেতা মো. শিমুল, ছাত্রলীগকর্মী সোহেল, জনি ও রতনসহ ১০ জন এবং ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মোহাইমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ, অর্থ সম্পাদক কামরুল এবং কর্মী মিজানুর রহমান, আবদুল গফফার ও মো. হানিফসহ অন্তত ১০ জন আহত হন।
ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের সময় ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মী সাদ্দাম হলের সামনে অবস্থান করছিলেন। দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে শিবিরের এক কর্মী আহত হন। এ ঘটনার পর শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা এক হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করেন এবং প্রশাসন ভবনের সামনে রাখা পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া প্রশাসন ভবনের ভেতরে ঢুকে তাঁরা ছাত্রলীগের সাবেক কর্মী ও কর্মচারী মো. জিয়া এবং ছাত্রলীগের কর্মী শাহিনকে দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক মারধর করেন।
পরে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে পৌঁছার পর ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যান এবং শিবিরের নেতা-কর্মীরা আবাসিক হলে অবস্থান নেন। দুপুর দেড়টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসন ভবন থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান ঘটনার ব্যাপারে বলেন, ‘ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই ছাত্রদল আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা তার পাল্টা জবাব দিয়েছি।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম অভিযোগ করেন, ‘ক্যাম্পাসের বাইরের একটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’
ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ বলেন, ‘ঘটনাটি মূলত ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে। আমরা শান্তিপূর্ণভাবে আবাসিক হলের সামনে অবস্থান করার সময় ছাত্রলীগের নেতা-কর্মী ও পুলিশ সদস্যরা আমাদের লক্ষ্য করে গুলি করে। আমরা তা প্রতিরোধ করেছি মাত্র।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।’