ছাত্রদল কর্মী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর একটি বেসরকারি হাসপাতালের নিরাপত্তা প্রহরী আলম শেখ (৪০) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদলের কর্মী মেহেদী হাসানকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এর বিচারক রেজাউল করিম হত্যা ও অস্ত্র মামলায় গত রোববার মেহেদীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, রোববার মেহেদীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রথম দিন হত্যা-সংক্রান্ত ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এসব তথ্য পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
থানার পুলিশ সূত্র জানায়, পাবনার আদালতে হত্যা মামলায় ১০ দিন ও অস্ত্র মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। পুলিশের দুই তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শোনার পর বিচারক হত্যা মামলায় চার ও অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
১৫ জুন রাতে শহরের বাবুপাড়ায় কামিনী হেলথ কেয়ার ফাউন্ডেশন নামে একটি বেসরকারি হাসপাতালের নিরাপত্তা প্রহরী আলম শেখকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলিসহ ছাত্রদলের কর্মী মেহেদীকে আটক করে। এ ঘটনায় আলম শেখের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে মেহেদীকে প্রধান আসামি করে পাঁচজনের নামে হত্যা মামলা করেন।