ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে সন্ত্রাসীদের গুলিতে ছাত্রদলের কর্মী মো. পারভেজ নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাওন (২২) ও মো. সুমন (৩০) নামের যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।
গতকাল শুক্রবার ভোর ছয়টার দিকে তাঁদের পালপাড়া গ্রামের মো. শামছুর বাড়িতে ঘেরাও করে রাখার পর খবর পেয়ে থানার পুলিশ গিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরই তাঁদের সোনাইমুড়ী থানায় না রেখে নোয়াখালী সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়। পরে তাঁদের নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের নোয়াখালী কারাগারে পাঠান।
এর আগে বৃহস্পতিবার রাতে পারভেজ হত্যার ঘটনায় তাঁর বড়ভাই মোরশেদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শাওন, সুমনসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও তিন-চারজনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়।
এদিকে, পারভেজের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কর্মীরা পালপাড়া গ্রামে আওয়ামী লীগ-সমর্থিতদের পাঁচটি বাড়িতে হামলা চালান। হামলাকারীরা এ সময় বাড়িগুলোর বসতঘরের আসবাপত্র ভাঙচুর করেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে, হামলার ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম। তিনি বলেন, শাওন ও সুমনকে ঘেরাও করে রাখার সময় ওই বাড়িতে কিছু হট্টগোল হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের কারও বাড়িতে হামলা হয়নি।
অপরদিকে, পারভেজ হত্যার প্রতিবাদে গতকাল আমিশাপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির কর্মী-সমর্থকেরা। সন্ধ্যায় কামিল মাদ্রাসা মাঠে এবং পালপাড়া গ্রামে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এতে সাংসদ মাহবুবউদ্দিন খোকন উপস্থিত ছিলেন।